বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর এগ্রো ফুড ইন্ডাস্ট্রির সামনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আজ (সোমবার) সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের বিল্লাল হোসেন (৩৯) রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার দামেজ উদ্দীনের ছেলে। তিনি সম্প্রতি প্রবাস থেকে ছুটিতে দেশে এসেছিলেন।
বিল্লাল রাজবাড়ী থেকে মোটরসাইকেলে করে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে পাংশার দিকে যাওয়ার সময় বাগমারা এলাকায় পৌঁছালে পাংশা থেকে ফরিদপুরগামী একটি মালবাহী ট্রাক তাকে সামনে থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান বিল্লাল। পুলিশ মরদেহ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে বলে জানিয়েছে পাংশা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র।
পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামিম হোসেন জানান, ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে কালুখালী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।