বিশেষ প্রতিনিধি, nipon।।
গোপালগঞ্জে বেপরোয়া এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান খাদে পড়েছে। এ ঘটনায় নারী সদস্যসহ ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত গতিতে চলা একটি মোটরসাইকেল পুলিশের পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ সামনে চলে আসলে তাকে বাঁচাতে চালক দ্রুত গাড়ির নিয়ন্ত্রণ ঘোরালে পিকআপটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় পিকআপে থাকা নারী পুলিশ সদস্যসহ ১২ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের পিকআপ ভ্যানের চালক আক্তার হোসেন জানিয়েছেন, ‘একজন বেপরোয়া মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলে আসলে তাকে প্রাণে বাঁচানোর চেষ্টা করার সময় আমাদের গাড়িটিও দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।