বিশেষ প্রতিনিধি, nipon।।
গাজীপুরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসে আগুন লাগে। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া জানান, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে এবং রাস্তার সঙ্গে ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
হিরন মিয়ার তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় বাস ও মোটরসাইকেল পুরোপুরি পুড়ে যায়। তবে বাসে থাকা কোনো যাত্রী আহত হননি, কেবল মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।