বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে দুই মাল্টিমিডিয়া সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের মারধর করার অভিযোগে পুলিশের চার সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। এডিসি মীর আসাদুজ্জামান বলেন, অভিযানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ী ৪ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এডিসি আসাদুজ্জামান।
ঘটনার প্রতিবাদে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত রমনার ডিসি মাসুদ আলম ও কনস্টেবলদের দৃষ্টামূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা।
জানা যায়, দুপুরে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন ঢাবি শিক্ষার্থীরা। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত রমনার ডিসি মাসুদ আলম ও কনস্টেবলদের দৃষ্টামূলক শাস্তির দাবি জানান। ঢাবি শিক্ষার্থীরা বলেন, মাদকবিরোধী অভিযানের নামে নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসেবি সন্দেহে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর করেন। ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যায়, অভিযানে উদ্যানে আসা নিরীহ মানুষজনদের পেটাচ্ছে পুলিশ। আর এ সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদেরও বেধড়ক মারধর করে পুলিশ সদস্যরা।