বিশেষ প্রতিনিধি, nipon।।
গাইবান্ধার সাদুল্লাপুরে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহানা ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু।
নিহতরা হলেন—সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বাসিন্দা বেলাল হোসেনের ছেলে অটোরিকশাচালক আল আমিন মিয়া (৩০) এবং গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়ন চন্দ্রের ছেলে অটোরিকশার যাত্রী গৌতম চন্দ্র (৬০)। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, একটি কাভার্ডভ্যান সাদুল্লাপুর থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল। ভ্যানটি সাহানা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ দুইজন নিহত হন এবং একটি শিশুসহ অন্তত আটজন গুরুতর আহত হন।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য অনেকে রংপুরসহ বিভিন্ন হাসপাতালে নেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।