বিশেষ প্রতিনিধি, nipon।।
ইতালির মিলান শহরে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের ডাসার উপজেলার বেল্লাল বেপারী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত বেল্লাল বেপারী উপজেলার পূর্ব খান্দুলী এলাকার ইউনুস বেপারীর ছেলে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নিহতের পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।
পরিবারে সচ্ছলতা ফেরাতে প্রায় ৯ মাস আগে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমান বেল্লাল বেপারী। গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে মিলান শহরের সড়কে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মারা যান তিনি।
ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এবং নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম।