বিশেষ প্রতিনিধি, nipon।।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে তিনি লেখেন, “ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।”
অন্যদিকে একই পদে লড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে দলীয় সূত্রে জানা যায়, এনসিপির পক্ষ থেকেই মেয়র পদে নির্বাচন করবেন তিনি। ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্যভাবে মুখোমুখি হতে যাচ্ছেন ইশরাক হোসেন ও আসিফ মাহমুদ।
বর্তমানে ইশরাক হোসেন নতুন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে নির্বাচন করে তিনি বিজয়ী হন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছিলেন ৭৮ হাজার ৮৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান পেয়েছিলেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে সরকার। যথাসময়ে স্থানীয় নির্বাচন আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাচ্ছে না। তিনি জানান, বিভিন্ন সরকারি নিয়ম-কানুন ও মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়গুলো সমন্বয় করে সঠিক সময়ে নির্বাচন আয়োজন করা হবে। তবে এই নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২২ সালের এক আদেশ অনুযায়ী ঢাকাসহ দেশের চারটি সিটি করপোরেশনের মেয়র পদ মন্ত্রী পদমর্যাদার সমান।