বিশেষ প্রতিনিধি, nipon।।
ভবন নির্মাণের কাজ করার সময় কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমেদ (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শেখ আহমেদ উপজেলার বাবুর্চি আদর্শ গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে।
নিহতের সহকর্মী নির্মাণ শ্রমিক মহসিন জানান,সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ছাদের সেন্টারিংয়ের কাঠ ও বাঁশ খোলার কাজ করছিল। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে এগিয়ে দেখি শেখ আহমেদ ঘরের মেঝের ওপর বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে আছে। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মোর্শেদ আলম জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
চৌদ্দগ্রাম থানার এসআই তারেক হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,ছাদের সেন্টারিংয়ের কাঠ ও বাঁশ খোলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যাওয়ায় নিচে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমেদের মৃত্যু হয়। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে মরদেহ হস্তান্তর করা হবে।