বিশেষ প্রতিনিধি, nipon।।
দেশের ক্রিকেট কাঠামোয় নিষিদ্ধ করা হয়েছে মঞ্জুরুল ইসলামকে। বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনলাইন সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তৎকালীন ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুলের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাহানারার অভিযোগ আমলে নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিটি চলতি মাসের শুরুতে তাদের প্রতিবেদন ও সুপারিশ বিসিবির কাছে জমা দিলে নির্দিষ্ট চারটি অভিযোগের মধ্যে দুটির প্রাথমিক সত্যতা পায় কমিটি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক নির্বাচক এবং ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে নিষিদ্ধ করেছে বিসিবি।
বিসিবির পরিচালনা পর্ষদের এক ভার্চুয়াল সভায় বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কিছুতে সম্পৃক্ত হতে পারবেন না মঞ্জুরুল। এই সিদ্ধান্ত পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
গত নভেম্বরে এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়াপ্রবাসী জাহানারা মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করলে অভিযোগ তদন্ত করে দেখতে বিসিবি তদন্ত কমিটি গঠন করে এবং জাহানারা তাদের কাছেও লিখিতভাবে একই অভিযোগ করেন।
তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়,মঞ্জুরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে প্রাথমিকভাবে প্রমাণের ভিত্তিতে জাহানারার করা চারটি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করে কিছু আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের নির্দেশিকার আওতায় অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার মধ্যে পড়ে বলে জানায় বিসিবি।
গত বছরের ৩০ জুনের পর থেকে বিসিবির কোনো দায়িত্বে না থাকা মঞ্জুরুলকে তদন্ত কমিটির করা সুপারিশের ভিত্তিতে আজ ভার্চুয়াল বোর্ড সভায় দেশের ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) চাকরি করা মঞ্জুরুলকে শাস্তির ব্যাপারে তার প্রতিক্রিয়া জানতে কয়েকটি সংবাদমাধ্যম যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন ধরেননি তিনি।