বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে থানা ঘেরাও ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
শনিবার দিবাগত রাত একটার দিকে চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিকার চেয়ে ভুক্তভোগীসহ স্থানীয়রা আদাবর থানা ঘেরাও করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর আদাবর এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ‘আবির এমব্রয়ডারি’ ফ্যাক্টরিতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ১০-১২ জনের একটি সশস্ত্র গ্রুপ চাপাতি নিয়ে ফ্যাক্টরিতে ঢুকে মালিক ও শ্রমিকদের ওপর হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন আহত হন। এ সময় মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়েরও অভিযোগ ওঠে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহাম্মদপুরের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, ফ্যাক্টরিতে বেতন বিতরণের সময় হামলার ঘটনা ঘটে। বিষয়টি ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন ফ্যাক্টরির শ্রমিকরা অভিযুক্তদের খুঁজতে বের হন। তারা কথিত সন্ত্রাসী নেতা রাসেলের বাড়ি ঘেরাও করেন। তাকে না পেয়ে তার বাবাকে অবরোধ করলে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে আসে। এরপর উত্তেজিত জনতা থানার সামনে জড়ো হন।
পুলিশ জানায়, আবির এমব্রয়ডারি ফ্যাক্টরির মালিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চাঁদাবাজি ও ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।