বিশেষ প্রতিনিধি, nipon।।
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও নবনিযুক্ত পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দলে থেকে কেউ অন্যায় করলে তার দায়ভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেবে না এবং অপরাধীর ঠাঁই দলেও হবে না। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনে যারা ভোট দিয়েছেন আর যারা দেননি নাগরিক হিসেবে সবার অধিকার সমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী বোদেশ্বরী শক্তিপীঠ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও নবনিযুক্ত পানি সম্পদ প্রতিমন্ত্রী। দায়িত্ব পাওয়ার পর নিজ এলাকায় এসে সনাতনী সম্প্রদায়ের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।
বক্তব্যে প্রতিমন্ত্রী আজাদ সনাতনী সম্প্রদায়ের ভূয়সী প্রশংসা করে বলেন, এবারের নির্বাচনে তারা একাত্তর ও স্বাধীনতার প্রশ্নে আপসহীন অবস্থান প্রমাণ করেছেন। তারা কোনো নির্দিষ্ট দলের তকমা নয়, বরং অসাম্প্রদায়িক দেশপ্রেম ধারণ করেন। বোদা-দেবীগঞ্জের সনাতনী সমাজ তাকে যে সমর্থন দিয়েছে, তা তিনি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবেন বলে জানান।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগতভাবে সনাতনী সমাজের এই অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসে রোজা রেখে তিনি কথা দিচ্ছেন—সব সম্প্রদায়ের বিশ্বাসের মর্যাদা রক্ষা করা হবে। যেন সবাই নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ধর্মীয় উৎসব পালন করতে পারেন এবং এ দেশে সম্মানের সঙ্গে বসবাস করতে পারেন, সে নিশ্চয়তা সরকার ও দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে।
দলের ভাবমূর্তি রক্ষায় কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দলের কেউ অন্যায় করলে দল তার দায় নেবে না। ভোট না দিলেও কোনো নাগরিকের ওপর বৈষম্য বা অবিচার সহ্য করা হবে না।
এর আগে প্রতিমন্ত্রী বোদা উপজেলার কালিয়াগঞ্জ ও বগদুলঝোলা বাজারে সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন। পরে দেবীগঞ্জ ও বোদা উপজেলার আরও সাতটি স্থানে পৃথক সভায় অংশ নেন। প্রতিটি স্থানেই সাধারণ মানুষ ও নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। দিনশেষে তিনি বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রামে ফেরদৌসী বেগম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদেশ্বরী শক্তিপীঠের সভাপতি মুকুল কুমার বকশী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।