বিশেষ প্রতিনিধি, nipon।।
শরীয়তপুরে আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় জয়নুদ্দিন ঢালী (৫০) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোসাইরহাট ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার রাতে খাবার শেষে জয়নুদ্দিন ঢালী বাড়ি থেকে হাঁটতে বের হয়ে আর ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বিষয়টি থানায় অবহিত করে। সোমবার বিকেলে স্থানীয় বাসিন্দারা বাড়ির পাশের বিলের মধ্যে একটি আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গোসাইরহাট ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জসিম সিকদার জানিয়েছেন, জয়নুদ্দিন ঢালী ইউনিয়ন শ্রমিক দলের সদস্য এবং তিনি খুব ভালো মানুষ ছিলেন। এ ঘটনার সুস্থ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান তারা।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) সজিবুল।