বিশেষ প্রতিনিধি, nipon।।
বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, জাতীয় সংসদ সদস্য নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক ম্যান্ডেট নির্বাচন কমিশনের রয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সে অনুযায়ী আগামীকাল সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি।
সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর এখতিয়ার সিইসির নেই। যদি বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় এবং সংশোধনের মাধ্যমে কে শপথ পাঠ করাবেন তা নির্ধারণ করা হয়, তাহলে শপথ অনুষ্ঠান হতে পারে।
এদিকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সব বিভাগেই এখন চ্যালেঞ্জ বিরাজ করছে। অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন খাতের অবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রীদের দায়িত্ব বণ্টন নিয়ে এখনো কিছু জানা যায়নি বলেও জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।