বিশেষ প্রতিনিধি, nipon।।
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে তারা সড়কে অবস্থান নেন।
এক মাসের বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধ না করে কোনো পূর্ব নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে তারা ক্ষোভে মহাসড়ক অবরোধ করায় প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুইপাশে যান চলাচল বন্ধ থাকে। তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও বিভিন্ন পণ্যবাহী পরিবহন।
থানা পুলিশ,ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।