বিশেষ প্রতিনিধি, nipon।।
গাইবান্ধায় আইনজীবীর সহকারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে। গাইবান্ধা জেলা জজ আদালতে আইনজীবীর সহকারী (মহুরী) হিসেবে কর্মরত নিহত অমিতাভ চন্দ্র সুজন একই গ্রামের সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে।
বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান জানিয়েছেন, রাতে সুজন নিজের বাড়ির উঠানে থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত বাড়ির গেট খুলে ভেতরে প্রবেশ করে পিছন থেকে অতর্কিতভাবে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সুজনের আর্তচিৎকারে স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গত তিন-চার বছর ধরে স্থানীয় নরেশ চন্দ্রের সঙ্গে তার বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেন নিহতের ভাই সুধান চন্দ্র রায়।
গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।