বিশেষ প্রতিনিধি, nipon।।
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই এক নারী ভোটার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সদ্য প্রসূতি ওই মায়ের নাম আম্বিয়া খাতুন (৩০)। মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
আম্বিয়া খাতুন উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাংসারিক প্রয়োজনীয় কাজ শেষ করে সন্তানসম্ভবা অবস্থায় তিনি বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান। নির্ধারিত লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান শেষে হঠাৎ তীব্র প্রসববেদনা অনুভব করেন।
এসময় উপস্থিত নারী ভোটাররা দ্রুত তাকে কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যান। সেখানেই তিনি ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন। ঘটনাটি মুহূর্তেই কেন্দ্রজুড়ে ছড়িয়ে পড়ে এবং উপস্থিত ভোটারদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। অনেকেই একে ব্যতিক্রমধর্মী ও স্মরণীয় ঘটনা হিসেবে উল্লেখ করেন।
খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে জানা যায়, প্রসূতি মা ও নবজাতককে স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। স্থানীয়দের মতে, মা ও শিশু দুজনই সুস্থ আছেন।
এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।