বিশেষ প্রতিনিধি, nipon।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আজ সোমবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে তার ভাষণ সম্প্রচার করবে।
এ ছাড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তাদের ভাষণও বিটিভিতে সম্প্রচারের কথা রয়েছে।
জানা গেছে, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভাষণ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
এর আগে গতকাল রোববার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়। রোববার সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের এবং সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ প্রচারিত হয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।