বিশেষ প্রতিনিধি, nipon।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে মান্না জানান, তিনি বর্তমানে বগুড়ায় অবস্থান করছেন। ঢাকা-১৮ আসনটি আয়তন ও ভোটার সংখ্যার দিক থেকে বড় হওয়ায় সেখানে নির্বাচন পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল। এই ব্যয় নির্বাহ করা তার পক্ষে সম্ভব নয় বলেই তিনি ওই আসন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পোস্টে তিনি লেখেন, ‘একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছে। নির্বাচন এতটাই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে কেউ কষ্ট পেলে আমি দুঃখিত।’
উল্লেখ্য, ঢাকা-১৮ আসনে মান্নার মনোনয়নপত্র শুরু থেকেই বৈধ ছিল। রাজধানীর উত্তরা, খিলক্ষেত, কুড়িল, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকা নিয়ে গঠিত এই আসনে বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আশরাফুল হক এবং জাতীয় নাগরিক পার্টির আরিফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে, মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রাখছেন। শুরুতে ঋণখেলাপির অভিযোগে ওই আসনে তার প্রার্থিতা বাতিল হলেও পরে নির্বাচন কমিশনে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান। বগুড়া-২ আসনে প্রথমে বিএনপি মান্নাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিলেও পরবর্তীতে সেখানে নিজেদের দলীয় প্রার্থী মীর শাহে আলমকে মনোনয়ন দেয়। ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান।