বিশেষ প্রতিনিধি, nipon।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহতায়ালা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন।
তিনি বলেন, আমি যেন নির্বাচনের দিন ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি এই দোয়া চাই।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আরামবাগ এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, তাকে অশান্তিতে রাখার জন্য একটি পরিকল্পিত পরিবেশ তৈরি করা হচ্ছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমন অশালীন বক্তব্য দিচ্ছেন, যাতে এলাকায় সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। তবে তিনি স্পষ্ট করে বলেন, “আমি ওই পথে যাব না।
তিনি আরও দাবি করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার জন্য কিছু দল সচেতনভাবে কাজ করছে এবং ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা হতে পারে। তার অভিযোগ, নিজেদের অপকর্মের দায় অন্য দলের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, কারণ তাদের সমর্থিত দল বর্তমানে ক্ষমতায় রয়েছে।
ক্ষমতায় যাওয়ার হুমকি প্রসঙ্গে মির্জা আব্বাস প্রশ্ন তুলে বলেন, যাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা কীভাবে ১২ তারিখের পর ক্ষমতায় এসে ‘দেখে নেওয়ার’ কথা বলে। তার মতে, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের লোক বসানোর কারণেই তারা এমন সাহস দেখাচ্ছে। প্রয়োজনে ওইসব লোক ব্যবহার করে নির্বাচনের ফলাফল ম্যানিপুলেট করা হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।