বিশেষ প্রতিনিধি, nipon।।
নীলফামারী প্রতিনিধি:
বিএনপি ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ( ০৭ ফেব্রুয়ারি ) নীলফামারীতে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখে দেশের মানুষ ভোট দেবে। শুধু ভোট দিলেই হবে না, দেশ গঠন করতে হবে। এটি করতেই হবে, কারণ আমাদের যাওয়ার কোনো জায়গা নেই আমাদের প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ।
তিনি বলেন, নীলফামারী এলাকায় একটি ইপিজেড রয়েছে, এটিকে আরও বড় করার পরিকল্পনা রয়েছে বিএনপির। এর মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি যুব সমাজকে দক্ষ করে তুলতে এই এলাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, যাতে তারা দক্ষ শ্রমিক হিসেবে গড়ে উঠতে পারে।
নারীদের স্বাবলম্বী করার বিষয়ে তারেক রহমান বলেন, বিএনপি জয়ী হলে প্রত্যেক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে মা-বোনেরা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা পাবেন। কৃষকদের জন্যও আলাদা পরিকল্পনার কথা জানান তিনি। এই অঞ্চল কৃষিনির্ভর উল্লেখ করে তিনি বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। কৃষকদের কাছে কৃষি কার্ড পৌঁছে দিয়ে সহজে কৃষি উপকরণ পাওয়ার ব্যবস্থা করা হবে।
ধর্মগুরুদের প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, মসজিদ-মাদ্রাসার ইমাম, খতিবসহ বিভিন্ন ধর্মের অনেক ধর্মগুরু মানবেতর জীবনযাপন করছেন। বিএনপি সরকার গঠন করলে তাদের জন্য সম্মানীর ব্যবস্থা করা হবে।
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তিনি বলেন, এই এলাকার মানুষের প্রাণের দাবি হলো তিস্তা মহাপরিকল্পনা। বিএনপি ক্ষমতায় গেলে অন্যতম প্রধান কাজ হবে দ্রুত এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা, যাতে অঞ্চলটি সবুজ ও শস্য-শ্যামলা হয়ে উঠতে পারে। এছাড়া নীলফামারীতে একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
এ সময় তিনি কিশোরগঞ্জ–সৈয়দপুর শিল্পাঞ্চল, রেল কারখানাসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান আরও সম্প্রসারণের কথাও জানান।
জনসভায় তারেক রহমান অভিযোগ করে বলেন, এই এলাকার মানুষ যেন ভোট দিতে না পারে সেজন্য ভয়ভীতি দেখানো হচ্ছে। যারা এ ধরনের ভয় দেখাবে বা অন্যায় করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।