বিশেষ প্রতিনিধি, nipon।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ঐক্য সরকার গঠন করবে না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দলের কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আমার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আমি কীভাবে সরকার গঠন করতে পারি? তাহলে বিরোধী দল থাকবে কে? তিনি আরও বলেন, জামায়াত যদি বিরোধী দলে থাকে, তাহলে তিনি তাদের কাছ থেকে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা প্রত্যাশা করবেন।
দীর্ঘ প্রায় দুই দশক লন্ডনে অবস্থানের পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। সাক্ষাৎকারে তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে সরকার গঠনের মতো আসন পাবে বলে দলটি আত্মবিশ্বাসী।
যদিও তিনি নির্দিষ্ট আসনসংখ্যা উল্লেখ করেননি, তবে বলেন, “=সরকার গঠনের জন্য পর্যাপ্তসংখ্যক আসন আমাদের থাকবে। বিএনপি সূত্র জানিয়েছে, দলটি ৩০০ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের ব্যাপারে আশাবাদী। এর মধ্যে ২৯২টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, বাকি আসনগুলোতে জোটের শরিকরা নির্বাচন করছে।
জনমত জরিপগুলোতে বিএনপির জয়লাভের আভাস পাওয়া গেলেও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট এবং তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা শেখ হাসিনাবিরোধী দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলেও জরিপে উল্লেখ করা হয়েছে।