বিশেষ প্রতিনিধি, nipon।।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে এবং তাদের প্রত্যেক পরিবারের গৃহিণীর হাতে একটি করে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিতে চান তিনি। এই কার্ডের মাধ্যমে নারীদের সরাসরি আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তারেক রহমান বলেন, এই ফ্যামিলি কার্ডটি শুধুমাত্র নারীরাই পাবেন। এর মাধ্যমে আমরা প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা অথবা সমপরিমাণ খাদ্য সহযোগিতা পৌঁছে দিতে চাই।
তিনি বলেন, অনেকে প্রশ্ন তুলতে পারেন যে দুই থেকে আড়াই হাজার টাকায় কী হবে। “আমরা কখনোই বলিনি যে এটি পুরো মাসের খরচ মেটানোর জন্য। বরং এটি হবে আংশিক কিন্তু গুরুত্বপূর্ণ সহায়তা,” বলেন তিনি।
তারেক রহমান আরও বলেন, গ্রামে একটি সাধারণ পরিবারের সদস্য সংখ্যা গড়ে পাঁচ থেকে ছয় জন। বর্তমানে তাদের ন্যূনতম মাসিক বাজার খরচ পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো। “এই অবস্থায় যদি চার সপ্তাহের খরচের বিপরীতে আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হয়, তাহলে সেটি এক সপ্তাহের বড় সাপোর্ট হিসেবে কাজ করবে,” উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, আমরা যারা শহরে সুন্দর পরিবেশে বসে আলোচনা করি, আমাদের কাছে এই টাকাটা হয়তো খুব বেশি মনে নাও হতে পারে। কিন্তু বাস্তব জীবনে একজন সাধারণ পরিবারের জন্য এই আড়াই হাজার টাকা বিরাট সহায়তা।
এই অতিরিক্ত সহায়তা নারীদের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াবে বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান। তার মতে, এই অর্থ একজন নারী তার প্রয়োজন অনুযায়ী খরচ করতে পারবেন অথবা নিয়মিত ব্যয়ের টাকা সাশ্রয় করে অন্য গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারবেন।