বিশেষ প্রতিনিধি, nipon।।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা। প্রায় ২০ কোটি মানুষের জন্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও নিরাপদ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি।
তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করতে বিএনপি বেশ কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। জনগণের জন্য প্রণীত এসব সুদৃশ্য ও বাস্তবসম্মত পরিকল্পনাকেই তিনি ‘আই হ্যাভ এ প্ল্যান’ হিসেবে উল্লেখ করেন।
তারেক রহমান আরও বলেন, বিএনপির নেওয়া পরিকল্পনায় দেশের চার কোটিরও বেশি তরুণ, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এবং কোটি কোটি কৃষক ও শ্রমিকের কথা বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এসব জনগোষ্ঠীর জন্য দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি খাতভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও নিরাপদ রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে।