বিশেষ প্রতিনিধি, nipon।।
বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে বিএনপির বহুল আলোচিত নির্বাচনী জনসমাবেশ শুরু হয়েছে। সমাবেশের মূল মঞ্চে অবস্থান করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার উপস্থিতির মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
দীর্ঘ ২০ বছর পর তারেক রহমানের বরিশাল আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই বরিশাল বিভাগের ছয় জেলা থেকে সড়ক ও নৌপথে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। দুপুর গড়ালেও মাঠে মানুষের ঢল অব্যাহত রয়েছে।
দলীয় সূত্র জানায়, এই সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের সব প্রার্থী উপস্থিত রয়েছেন।
সমাবেশস্থলে বিরাজ করছে সাজ সাজ রব। ধানের শীষের প্রতীক, বেলুন, ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত বেলস পার্ক মাঠ জনসমুদ্রে পরিণত হয়েছে। স্লোগান আর করতালিতে মুখর পরিবেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ভোর থেকেই নেতাকর্মীদের মাঠে আসা শুরু হয়। সমাবেশে নারী নেতাকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
মাঠে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী এখন অধীর আগ্রহে তারেক রহমানের বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন। মঞ্চের দিকে তাকিয়ে স্লোগান ও করতালির মাধ্যমে তারা তাদের আগ্রহ প্রকাশ করছেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সরাসরি দিকনির্দেশনা পাওয়ার প্রত্যাশায় পুরো সমাবেশস্থলজুড়ে উত্তেজনা ও উদ্দীপনা বিরাজ করছে।