বিশেষ প্রতিনিধি, nipon।।
বিএনপি মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,৭১ সালের স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নং ওয়ার্ডে আয়োজিত নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১৯৭১ আমাদের একটা দেশ দিয়েছে, একটা ভূখণ্ড দিয়েছে। এটি আমাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এবং আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার পথ খুলেছে।
ফখরুল উল্লেখ করেন, কিছু গোষ্ঠী এখনও ৭১ সালের ইতিহাসকে পেছনে ঠেলতে চায়। তিনি বলেন, ৭১ হলো আমাদের মূল অস্তিত্ব। হিন্দু-মুসলিম সবাই এক হয়ে আমরা যুদ্ধ করেছি। অনেক পরিবারের ঘর-বাড়ি পুড়ে গেছে, ব্যবসা-প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে। স্বাধীনতার পর আমরা ধীরে ধীরে সবকিছু গুছিয়ে নিয়েছি।
তিনি আরও বলেন, তিনি যখন ঠাকুরগাঁওয়ে বিএনপি কার্যক্রম শুরু করেছিলেন, তখন এলাকায় দলটি প্রায় অদৃশ্য ছিল। জাতীয় পার্টি প্রাধান্য বিস্তার করেছিল। ছাত্রসমাজের মাধ্যমে আমরা কাজ শুরু করি এবং আল্লাহর অশেষ রহমতে বিএনপি এখন এখানে শক্তিশালী। গণতন্ত্র, অর্থনীতি ও উন্নয়নে বিএনপি সবসময় কাজ করেছে।
ফখরুল স্মরণ করিয়ে দেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সময় জানাজায় অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, নির্যাতন, গুলি, জেল–সব কিছু ভোগ করেছি, কিন্তু মাথা নত করিনি। গণতন্ত্রের প্রশ্নে আমরা আপোষহীন।
গণসংযোগকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।