বিশেষ প্রতিনিধি, nipon।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে খুলনায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে খুলনায় প্রবেশ করেন তিনি। খুলনা নগরের খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
দলীয় সূত্র জানায়, জনসভায় বৃহত্তর খুলনা জেলার ১৪ জন বিএনপি প্রার্থী ভোটারদের সঙ্গে পরিচয় করানো হবে। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাসহ আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক মানুষের সমাগমের আশা প্রকাশ করেছেন দলীয় নেতারা।
বিএনপি নেতারা জানিয়েছেন, জনসভায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন, বন্ধ মিল-কারখানা পুনরায় চালু করা, গ্যাস সংযোগ, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন, কর্মসংস্থান সৃষ্টি, ইকোনমিক জোন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়গুলো গুরুত্ব পাবে।
খুলনা কর্মসূচি শেষে দুপুর ১টার দিকে হেলিকপটারে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। দুপুর দেড়টার দিকে যশোরের ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে অংশ নেবেন, যা তার যশোর সফরের প্রথম জনসভা।
যশোর জেলা বিএনপি জানিয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে শহরের বাইরে সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে যশোরবাসীর বিভিন্ন দাবি, বিশেষ করে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান তুলে ধরা হবে।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে খুলনা ও যশোরে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা ও সাংগঠনিক প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।