বিশেষ প্রতিনিধি, nipon।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ খুলনা ও যশোর সফরে যাচ্ছেন। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, এই জনসভায় বৃহত্তর খুলনা জেলার ১৪ জন বিএনপি প্রার্থীকে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। খুলনা ছাড়াও বাগেরহাট, সাতক্ষীরা ও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক মানুষের সমাগমের আশা করছেন আয়োজকরা।
জনসভায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন, বন্ধ মিল-কারখানা পুনরায় চালু, গ্যাস সংযোগ, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, ইকোনমিক জোন স্থাপন এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
খুলনার কর্মসূচি শেষে দুপুর ১টার দিকে হেলিকপটারে যশোরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। দুপুর দেড়টার দিকে তিনি যশোরে পৌঁছে ক্রীড়া উদ্যানে আয়োজিত বিএনপির নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। যশোরে এটিই তার প্রথম জনসভা।
যশোর জেলা বিএনপি জানিয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে শহরের বাইরে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে যশোরবাসীর বিভিন্ন দাবি, বিশেষ করে ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের বিষয়টি তুলে ধরা হবে।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে খুলনা ও যশোরে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা ও সাংগঠনিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।