বিশেষ প্রতিনিধি, nipon।।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপের ফাঁকা সময়টি কাজ লাগাতে ঘরোয়া অদম্য টি-টোয়েন্টি কাপের আয়োজন করেছে। ক্রিকেটারদের খেলার অভিজ্ঞতা ও ফিটনেস ধরে রাখার জন্য বোর্ডের পক্ষ থেকে এমন নতুন ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের বর্তমান ও সাবেক জাতীয় দলের প্রধান ক্রিকেটারদের নেতৃত্বে তিনটি দল ধুমকেতু একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশের অংশগ্রহণে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গ্রুপ পর্বের মধ্যে দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ধুমকেতু একাদশকে, নাজমুল হোসেন শান্ত দুর্বার একাদশে আর দুরন্ত একাদশের নেতৃত্বে থাকবেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।
জাতীয় দলের অভিজ্ঞ কোচদের দিয়ে গঠন করা হয়েছে দলের কোচিং স্টাফ। মোহাম্মদ সালাহউদ্দিন ধুমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে এবং মোহাম্মদ আশরাফুল থাকছেন সহকারী কোচ হিসেবে। দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল, সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন তুষার ইমরান। দুরন্ত একাদশের প্রধান কোচ হান্নান সরকার, সহকারী কোচ রাজিন সালেহ।
টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। গ্রুপ পর্ব শুরু হবে ৫ ফেব্রুয়ারি এবং চলবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, এর আগে বিকেল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিসিবি প্রথমবারের মতো এই টুর্নামেন্টে চালু করেছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম যার মাধ্যমে খেলায় নতুন মাত্রা যোগ করা হবে এবং দর্শকদের খেলার প্রতি আগ্রহ আরও বাড়ানো হবে। টিকিটের দাম সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে ।
ধুমকেতু একাদশের স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
দুর্বার একাদশের স্কোয়াড:
হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, আল ফাহাদ।
দুরন্ত একাদশের স্কোয়াড:
জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।