বিশেষ প্রতিনিধি, nipon।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনবিচ্ছিন্ন হয়ে এই নির্বাচনে জয়ের আশা করা যাবে না। ভোটারদের কাছে পৌঁছাতে হলে মাঠে সক্রিয়ভাবে কাজ করতে হবে।
শনিবার (৩১ জানুয়ারি) বগুড়ার একটি চার তারকা হোটেলের বলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের দলীয় নেতাদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।
সভায় কয়েকজন নেতা মন্তব্য করেন, বগুড়ায় ধানের শীষের জনপ্রিয়তা এমন পর্যায়ে রয়েছে যে ভোটারদের কাছে না গেলেও বিপুল ভোটে জয় নিশ্চিত করা সম্ভব। তবে এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তারেক রহমান বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না, সবার কাছেই যেতে হবে। জনবিচ্ছিন্ন হয়ে জয়ের আশা করা যাবে না।”
তিনি আরও বলেন, বগুড়ার সাতটি আসনেই বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। জয়ের ব্যবধান যত বেশি হবে, জনরায়ের প্রতিফলন ততটাই শক্তিশালী হবে বলে মন্তব্য করেন তিনি।
সারাদেশে নির্বাচনী প্রচারণার ব্যস্ততার কারণে নিজের নির্বাচনী এলাকায় বেশি সময় দিতে পারবেন না উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, “অতীতে নানা সময়ে আপনাদের কাছে এসেছি। এবার প্রার্থী হয়ে এসেছি। তবে আমার নির্বাচন করার দায়িত্ব আপনাদের। কারণ, সারাদেশে আমাকে যেতে হচ্ছে। বগুড়া বিএনপির ঘাঁটি। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের সঁপে দিলাম।”
বেলা ১১টায় শুরু হওয়া সভায় প্রথমে তিনি স্থানীয় নেতাদের অভাব-অভিযোগ ও পরামর্শ শোনেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ মতবিনিময় সভায় তৃণমূল পর্যায়ের সাংগঠনিক শক্তি জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে সিরাজগঞ্জের জনসভার উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। এ সময় পথের দুই পাশে হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে থাকেন। সাধারণ মানুষের উপস্থিতির প্রেক্ষিতে তিনি শাজাহানপুর ও শেরপুর মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যও দেন।