বিশেষ প্রতিনিধি, nipon।।
মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে আগামীকাল। মেলার শেষ শুক্রবার হওয়ায় আজ (৩০ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) এলাকায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
৩০তম আসরের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ মুহূর্তের কেনাকাটায় ক্রেতাদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে সকাল থেকেই মেলায় প্রবেশ করতে শুরু করেন দর্শনার্থীরা। ভিড় সামাল দিতে মেলা প্রাঙ্গণে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি দর্শনার্থীদের বিনোদনের জন্য রাখা হয়েছে নানা আয়োজন।
মেলার শেষ পর্যায়ে স্টলগুলোতে দেখা গেছে উল্লেখযোগ্য মূল্যছাড়। অবিক্রিত পণ্য বিক্রির আশায় ব্যবসায়ীরা দিচ্ছেন বিশেষ ছাড়, আর সেই সুযোগ নিতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। বরাবরের মতো এবারও সবচেয়ে বেশি চাহিদা ছিল কাশ্মিরি শাল, কার্পেট, ঘর সাজানোর ল্যাম্প এবং বিভিন্ন ধরনের পোশাকে।
দেশীয় পণ্যও ক্রেতাদের আকর্ষণে পিছিয়ে নেই। আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী এবং কসমেটিকস পণ্যে দেখা গেছে আশানুরূপ বেচাকেনা। বিশেষ করে ভিন্নধর্মী পণ্য ও সাশ্রয়ী দামের ইলেকট্রিক চুলার প্রতি গৃহিণীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
ব্যবসায়ীরা জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতির কারণে কর্মদিবসগুলোতে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম ছিল। তবে সরকারি ছুটির দিনগুলোতে বিক্রি কিছুটা বাড়ে। তারা আশা করছেন, আজ ও আগামীকালের বিক্রি আগের মন্দা পুষিয়ে নিতে সহায়ক হবে।
হাতে আর মাত্র একদিন সময় থাকায় যারা এখনো মেলায় আসতে পারেননি, তাদের জন্য শেষ সুযোগ থাকছে আগামীকাল রাত ১০টা পর্যন্ত।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে বিবিসিএফইসি ভবনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।