বিশেষ প্রতিনিধি, nipon।।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রত্যেক মানুষের আত্মমর্যাদা রক্ষার জন্য একটি সমান বাংলাদেশ গড়ার আহবান জানিয়েছেন।
শুক্রবার ( ৩০ জানুয়ারি ) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের একটি হোটেলে সিএসএফ গ্লোবালের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসুন আমরা সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যেখানে প্রত্যেক মানুষের মর্যাদা থাকবে এবং আত্মমর্যাদা নিয়ে সবাই বাঁচতে পারবে।
তারেক রহমান বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিয়ে বলেন, তাদের মধ্যে অনেক গুণ রয়েছে, যা আমাদের অনেকের নেই। সামাজিক, রাজনৈতিক বা রাষ্ট্রীয় অবস্থান থেকে যদি আমরা তাদের পাশে দাঁড়াই, তাহলে বাংলাদেশ আরও প্রতিভাবান মানুষ উপস্থাপন করতে পারবে।
তিনি আরও যোগ করেন, তাদের জন্য খুব বেশি কিছু করার প্রয়োজন নেই শুধু সুযোগ করে দেওয়া, যাতে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এবং নিজেরা বিকশিত হতে পারে। কারণ তারা আমাদেরই অংশ।
অনুষ্ঠানে তারেক রহমান উপস্থিত সবার প্রতি আহ্বান জানান, আজকের দিনে আসুন আমরা শপথ নিই, আমাদের অবস্থান থেকে যতটা সম্ভব প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়াব এবং তাদের সহযোগিতা করব।
এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। অনুষ্ঠানে তিনি দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপির প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ১০ শিশুকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়। তারেক রহমান নিজে শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং পরিবেশনায় গান উপভোগ করেন, যা আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।