বিশেষ প্রতিনিধি, nipon।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে রাজশাহীতে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় শাহ মখদুম বিমানবন্দরে তারেক রহমানের বিমান অবতরণ করে। সেখানে পৌঁছে তিনি সরাসরি নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সমন্বয়ে আয়োজিত এই জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে। দলীয় প্রধান মঞ্চ থেকে তিন জেলার বিএনপির মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।
বিএনপি নেতা মিজানুর রহমান মিনু জানিয়েছেন, তারেক রহমানের বার্তা রাজশাহীসহ উত্তরবঙ্গের জনগণের জন্য বিশেষ গুরুত্ব বহন করবে এবং দেশের মানুষের উন্নয়নের পথ প্রশস্ত করবে।
দলটির নেতারা আশা প্রকাশ করেছেন, তারেক রহমানের আগমনকে ঘিরে এবারের জনসভা হবে সর্বকালের অন্যতম মহাসমাবেশ।
কর্মসূচি অনুযায়ী, রাজশাহীর জনসভা শেষে একই দিন নওগাঁ হয়ে বাবার স্মৃতি বিজড়িত ভূমি বগুড়ার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সন্ধ্যায় তিনি নওগাঁ পৌঁছে সেখানকার এটিএম মাঠে বক্তব্য রাখবেন। এরপর নওগাঁ থেকে বগুড়া যাত্রা করে রাত ৮টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। রাতে হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন বিএনপি চেয়ারম্যান।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার বেলা ১১টায় তারেক রহমান নিজের নির্বাচনী এলাকার চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভায় বক্তব্য রাখবেন। এরপর মহাস্থানগড়ে জুমার নামাজ আদায় শেষে বিকেল সাড়ে ৩টায় পৈতৃক নিবাস গাবতলীতে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।