বিশেষ প্রতিনিধি, nipon।।
প্রথমবারের মতো পডকাস্টে অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই পডকাস্টে তিনি আগামীর বাংলাদেশ নিয়ে তার রাজনৈতিক পরিকল্পনা, অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প তুলে ধরবেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পডকাস্টটি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একযোগে প্রচার করা হবে।
রাজনীতির প্রচলিত বক্তৃতা ও সমাবেশের বাইরে এসে আধুনিক ডিজিটাল মাধ্যমকে বেছে নিয়েছেন তারেক রহমান। তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যেই তিনি এই পডকাস্টে অংশ নিচ্ছেন বলে জানিয়েছে দলীয় সূত্র। পডকাস্টটিতে কোনো উপস্থাপক থাকবেন না; সম্পূর্ণভাবে নিজেই নিজের বক্তব্য তুলে ধরবেন বিএনপি চেয়ারম্যান।
সবার আগে বাংলাদেশ’—এই প্রত্যয়কে সামনে রেখে আগামীর বাংলাদেশের জন্য একটি নতুন রোডম্যাপ উপস্থাপন করবেন তারেক রহমান। শিক্ষা, কৃষি ও অর্থনীতিসহ বিভিন্ন খাতের উন্নয়ন ও পুনর্গঠনে তার সুদূরপ্রসারী পরিকল্পনার কথাও তুলে ধরা হবে পডকাস্টে।
বিএনপি নেতারা বলছেন, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে এই পডকাস্টের মাধ্যমে জনগণের কাছে সরাসরি পৌঁছাতে চান তারেক রহমান। ভবিষ্যতের বাংলাদেশকে একটি সমৃদ্ধ, শক্তিশালী ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দৃষ্টিভঙ্গিই এতে তুলে ধরা হবে।