বিশেষ প্রতিনিধি, nipon।।
বিমানের যাত্রীবাহী উড়োজাহাজ প্রায় দেড় দশক পর আবারও নামবে পাকিস্তানে। দুই দেশের আকাশপথে যোগাযোগ ঢাকা-করাচি-ঢাকা নন-স্টপ ফ্লাইট চালুর মাধ্যমে পুনরায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ রুটে ট্রানজিট ছাড়া সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। ফলে সময় কম এবং যাত্রীপ্রতি ন্যূনতম ৩০ হাজার টাকা পর্যন্ত খরচ সাশ্রয় হবে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন বৃহস্পতি ও শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ রুটে ফ্লাইট পরিচালনা করবে।
১৬২ আসনের বোয়িং ৭৩৭ উড়োজাহাজের প্রথম ফ্লাইটের সব টিকিট বিক্রি হয়ে গেছে এবং দ্বিতীয় ফ্লাইটের ৮০ শতাংশের বেশি আসন ইতোমধ্যে বুক হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন, কোন ট্রানজিট না থাকায় এবং সরাসরি ফ্লাইট চালু হওয়ায় মাত্র তিন ঘণ্টার মধ্যে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারবেন। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে,শুধু যাত্রী পরিবহন নয়, কার্গো পরিবহনেও নতুন সম্ভাবনা তৈরি হবে এই রুট চালু হওয়ায়।
নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা-করাচি রুটে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের দুবাই, দোহাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ।