বিশেষ প্রতিনিধি, nipon।।
রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি)-এর সব বাস থেকে কালো ধোঁয়া বের হয় বলে চ্যালেঞ্জ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার ( ২৭ জানুয়ারি ) তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিআরটিএ আয়োজিত পেশাজীবী পরিবহন চালক ও শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা উপস্থিত ছিলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, "বিআরটিসির যত বাস আছে, সবকটা বাস থেকে কালো ধোঁয়া বের হয়। সবকটা বাস আমি চ্যালেঞ্জ করে বললাম। এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব কি না, তা আমাদের ভাবতে হবে।" তিনি আরও জানান, পুরোনো বাসের স্ক্র্যাপ পলিসি নিয়ে দীর্ঘ সময় ধরে অনুরোধ করা সত্ত্বেও এখনো কার্যকর হয়নি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, "পুরোনো বাস বদলাতে সময় লাগবে, তবে অন্তত নিয়মিত মেইনটেন্যান্স নিশ্চিত করা প্রয়োজন। আমরা এখন সময় দিচ্ছি, তবে আরও অপেক্ষা করার কোনো কারণ নেই।"
তিনি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, "চালকদের দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর ওপর জোর দিতে হবে। হর্ন বাজানো কমালে গাড়ির গতি নিয়ন্ত্রণে আসবে এবং দুর্ঘটনাও কমবে। এটি মানুষের জন্য সুবিধাজনক।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলমসহ আরও অনেক কর্মকর্তা।