বিশেষ প্রতিনিধি, nipon।।
রাশিয়ার সাকহালিন দ্বীপে ঘটেছে এক বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা। একই সময়ে আকাশে দেখা গেছে দুটি সূর্য, যা দেখে হতবাক হয়ে গেছেন দ্বীপটির বাসিন্দারা। অনেকেই সেই অদ্ভুত দৃশ্য ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং একটি বিরল প্রাকৃতিক দৃশ্য। এ ঘটনাকে বলা হয় ‘সান ডগ’। এটি মূলত একটি বায়ুমণ্ডলীয় অপটিক্যাল ইফেক্ট।
বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, সান ডগকে কখনও কখনও মক সান বা পারহেলিয়াও বলা হয়। সূর্যের পাশে উজ্জ্বল আলোর দাগ বা ছায়ার মতো এটি দেখা যায়। কখনও সূর্যের বাম পাশে, কখনও ডান পাশে, আবার কখনও দু’পাশেই একসঙ্গে এই আলোর প্রতিচ্ছবি দেখা দিতে পারে।
তারা জানান, এটি আসলে একটি ভ্রম। সাকহালিন অঞ্চলের তাপমাত্রা অত্যন্ত কমে যাওয়ায় বাতাসে বরফের সূক্ষ্ম স্ফটিক তৈরি হয়েছে। সূর্যের আলো সেই বরফকণার ভেতর দিয়ে প্রতিসরিত হয়ে এমন বিভ্রম তৈরি করেছে। বাস্তবে আকাশে সূর্য ছিল একটিই।
রাশিয়ার জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, সাকহালিন দ্বীপে আজ সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে তাপমাত্রা মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।