বিশেষ প্রতিনিধি, nipon।।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দোলাচলের মাঝে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশকে সমর্থন জানিয়ে আসছিলো।গতকাল (শনিবার) আইসিসি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করায় এর তীব্র প্রতিবাদ অ সমালোচনা করে পিসিবি বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়। ফলে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ক্ষুব্ধ হয়ে পাকিস্তানকে নিষেধাজ্ঞাসহ কঠোর শাস্তির পাল্টা হুঁশিয়ারি দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, যদি পাকিস্তানও একই পথে হেঁটে টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়, আইসিসি তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এর পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজ বাতিল, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের খেলায় নিষেধাজ্ঞা বা এনওসি (অনাপত্তিপত্র) না দেওয়া এবং এশিয়া কাপ থেকেও বাদ দেওয়ার মতো বিষয় বিবেচনায় রয়েছে।
শনিবার বাংলাদেশকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘোষণায় আইসিসি জানায়, ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। সামগ্রিক প্রভাবগুলো সতর্কতার সঙ্গে বিবেচনা করার পর আইসিসি নির্ধারণ করেছে যে, প্রকাশিত ইভেন্ট সূচি সংশোধন করা সমীচীন নয় বলেও জানিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
আইসিসির ঘোষণার পর পিসিবির সভাপতি মহসিন নাকভি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আইসিসির বোর্ড সভাতেও একই কথা বলেছি। আপনার দ্বিমুখী নীতি থাকতে পারে না, যেখানে একটি দেশ যখন খুশি যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। তারা ক্রিকেটের একটি প্রধান অংশীদার এ কারণেই আমরা এই অবস্থান নিয়েছি যে বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে এবং যেকোনো মূল্যে তাদের বিশ্বকাপ খেলার অনুমতি দেওয়া উচিত।
বিশ্বকাপ বয়কট করার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের সরকার আমাদের যে নির্দেশনা দেবে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আমাদের অবস্থানও সেটাই হবে। এটা সরকারের সিদ্ধান্ত। আমরা তাদের কথা শুনি, আইসিসির নয়।