বিশেষ প্রতিনিধি, nipon।।
দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ গড়তে তরুণদের পরামর্শ নিতে চান বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার ( ২৫ জানুয়ারি ) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে আয়োজিত ‘পলিসি টক’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সকাল ১০টার দিকে নগরীর রেডিসন ব্লু হোটেলে শুরু হওয়া এ মতবিনিময় সভায় তারেক রহমান জানান, বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এতে বৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুত বাড়ানো সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
রাজনীতির সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, রাজনীতি করতে গিয়ে একে অপরকে দোষারোপের প্রবণতা তৈরি হয়েছে। সেখান থেকে বেরিয়ে এসে একটি কার্যকর রাষ্ট্র গঠনে তরুণদের ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিতে চান তিনি।
শিক্ষা খাত প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিদেশে পড়তে গিয়ে অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েন। তাদের সহায়তায় স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা করছে বিএনপি। পাশাপাশি ভোকেশনাল ইনস্টিটিউটগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
তিনি বলেন, আগামী ৫ থেকে ১০ বছরে বৈশ্বিকভাবে কোন ধরনের ভোকেশনাল কাজের চাহিদা বাড়বে, তা নির্ধারণ করে সেই অনুযায়ী কারিকুলাম তৈরি করা হবে। প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা দিয়ে বিদেশে কর্মী পাঠাতে পারলে উন্নত মানের শ্রমশক্তি রফতানি সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
কোটাব্যবস্থা প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, একাত্তর ও চব্বিশে কেউ ধর্ম বা জাতি দেখেনি। পাঁচ শতাংশ কোটা রেখে বাকি সব নিয়োগ মেধার ভিত্তিতে হওয়া উচিত। সমতল ও পাহাড়ি অঞ্চলের সব মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
আইনশৃঙ্খলা ও দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা ও দুর্নীতি দমন ছাড়া কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল হবে না। সরকারের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের স্পষ্ট বার্তা গেলে চাঁদাবাজিসহ নানা অপরাধ অনেকাংশে কমে যাবে।
শিক্ষার আধুনিকায়ন নিয়ে তারেক রহমান বলেন, দেশের স্কুলগুলোকে অডিও-ভিজুয়াল সংযোগের আওতায় আনা হবে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের সেরা শিক্ষকদের পাঠদান শিক্ষার্থীরা গ্রহণ করতে পারে। একই সঙ্গে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আধুনিক ডিভাইস সরবরাহের কথাও জানান তিনি।