বিশেষ প্রতিনিধি, nipon।।
নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে আসর থেকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।
গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারতে গিয়ে টি-২০ বিশ্বকাপ খেলতে বাংলাদেশের আপত্তির বিষয়টি ভোটাভুটির মাধ্যমে নিষ্পত্তি করা হয়। ভোটের ফল যায় বাংলাদেশের বিপক্ষে, যদিও এই ভোটাভুটির স্বচ্ছতা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
সভা শেষে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দেয়, বিশ্বকাপে অংশ নিতে হলে দলকে ভারতে যেতে হবে। অন্যথায় বিকল্প দল বেছে নেওয়া হবে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশকে অতিরিক্ত ২৪ ঘণ্টা সময়ও দেয় আইসিসি।
এরপর সরকার ও ক্রিকেটারদের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতে গিয়ে খেললে সম্ভাব্য ঝুঁকি এবং নিরাপত্তাজনিত আশঙ্কার বিষয়ে বিভিন্ন সংস্থার গোপনীয় (ক্লাসিফাইড) তথ্য ক্রিকেটারদের সামনে উপস্থাপন করা হয়। বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, “আমরা ক্রিকেটারদের যে বিষয়গুলো বোঝাতে চেয়েছি, তারা তা বুঝতে পেরেছে।”
বিসিবি আশা করেছিল, বাংলাদেশের অবস্থান বিবেচনা করে আইসিসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলার অনুমতি দিতে পারে। তবে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার দুই দিন পর আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টি-২০ বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আইসিসি র্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে তাদের বর্তমান অবস্থানের পাশাপাশি আগের আসরগুলোর পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে বলে জানানো হয়।
স্কটল্যান্ড খেলবে গ্রুপ ‘সি’-তে। ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটিশরা।