বিশেষ প্রতিনিধি, nipon।।
দীর্ঘ প্রায় দুই দশক পর চট্টগ্রামে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এ উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ভোর থেকেই চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। কেউ কেউ আবার শনিবার রাত থেকেই পলোগ্রাউন্ড মাঠে অবস্থান নেন। দীর্ঘ ২০ বছর পর দলের চেয়ারম্যানের চট্টগ্রাম আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। পুরো এলাকা ব্যানার, ফেস্টুন ও দলীয় পোস্টারে ছেয়ে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে উপস্থিতির সংখ্যা।
দলীয় সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৯টায় তারেক রহমান তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশে যোগ দেবেন তিনি। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ারও কথা রয়েছে।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহেবায়ক ইকবাল হায়দার চৌধুরী বলেন, “আমরা রাত থেকেই সমাবেশের আশপাশে রয়েছি। আমাদের মতো অনেক নেতাকর্মী আগেভাগেই এসেছেন, কারণ সকালে প্রোগ্রাম শেষ করেই আমরা ফিরে যাব।”
এর আগে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় দলের প্রধান হিসেবে চট্টগ্রামে পৌঁছান তারেক রহমান। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৭ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে যান এবং সেখানেই রাত্রিযাপন করেন।
মহাসমাবেশকে ঘিরে চট্টগ্রাম নগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয়ে ভাগ করা হয়েছে—রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন। মঞ্চকে রেড জোন ঘোষণা করা হয়েছে, যেখানে কেবল বিএনপির কেন্দ্রীয় নেতা, স্থায়ী কমিটির সদস্য এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন।
মঞ্চের সামনের অংশ ইয়েলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সাংবাদিক ও নারীদের জন্য আলাদা ব্লক থাকবে। পুরো মাঠকে গ্রিন জোন হিসেবে রাখা হয়েছে সাধারণ নেতাকর্মীদের জন্য।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সফর করেছিলেন। সে সময় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা উপলক্ষে তিনি নগরীর লালদিঘী ময়দানে এক জনসভায় বক্তব্য দেন।