বিশেষ প্রতিনিধি, nipon।।
আজ ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে তিনি জন্মগ্রহণ করেন।
শহীদ জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার এবং বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রবক্তা। ১৯৫৫ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত হয়ে তিনি সামরিক জীবনে যোগ দেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার পরিচয় দেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং স্বাধীনতার ঘোষণা পাঠের মাধ্যমে ইতিহাসে অনন্য ভূমিকা রাখেন।
স্বাধীনতার পর তিনি বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্রের পথে এগিয়ে নেন এবং সময়ের প্রয়োজনে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তার নেতৃত্ব ও আদর্শে গড়ে ওঠা বিএনপি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ ১৯ জানুয়ারি বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষ নেতা তারেক রহমান উপস্থিত থাকবেন। এ ছাড়া দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি দিনব্যাপী পালিত হবে।
আগামী ২০ জানুয়ারি (মঙ্গলবার) বেলা ১১টায় শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী দলের সব পর্যায়ের নেতাকর্মীদের কর্মসূচি সফল করার আহবান জানান।