বিশেষ প্রতিনিধি, nipon।।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীতে ‘অপরাজেয় বেগম খালেদা জিয়া’ শীর্ষক নাগরিক শোকসভা শুরু হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই শোকসভা শুরু হয়।
সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ দলের শীর্ষস্থানীয় নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।
শোকসভায় দেশের বিশিষ্ট নাগরিক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা ছাড়াও বিদেশি কূটনীতিকরা অংশ নেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রায় পাঁচ হাজার মানুষের বসার ব্যবস্থা সংবলিত এই আয়োজনে দুপুর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, নাগরিক শোকসভায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তার আপসহীন ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় তার অবদান নিয়ে দেশের বরেণ্য ব্যক্তিরা বক্তব্য দেবেন। বক্তারা মরহুমার রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্বগুণ ও ত্যাগের নানা দিক তুলে ধরবেন।
বক্তব্য পর্ব শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হবে।
অনুষ্ঠানস্থলের চারপাশে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে।