বিশেষ প্রতিনিধি, nipon।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নির্বাচন কমিশন (ইসি) নিয়ে পক্ষপাতের অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, পোস্টাল ব্যালট প্রণয়ন, প্রেরণ ও ব্যবহারের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে।
বৃহস্পতিবার ( ১৫ জানুয়ারি ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এটি প্রথমবারের উদ্যোগ। তাই কিছু ভুলভ্রান্তি হতে পারে। তবে যেসব অনিয়মের অভিযোগ এসেছে, সেগুলো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, কোনো কোনো বাসায় ২০০ থেকে ৩০০টি ব্যালট পৌঁছেছে। কোথাও ব্যালট জব্দ করা হয়েছে, কোথাও ভোটগ্রহণ শুরু হয়ে গেছে এবং কোথাও একজনের নামে পাঠানো ব্যালট অন্য কেউ গ্রহণ করছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে কিভাবে ব্যালট পাঠানো হয়েছে, ভোটাররা কীভাবে ভোট দেবেন এবং বিপুলসংখ্যক ব্যালট কোথায় গিয়েছে।
আচরণবিধি সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, ভোটার স্লিপে ভোটারের নম্বর, প্রার্থীর নাম ও প্রতীক থাকা উচিত, যা বর্তমানে নেই। তিনি দাবি করেন, ভোটার স্লিপ দেওয়া ভোটে প্রভাব ফেলে না, ভোটার নিজের সিদ্ধান্ত নেবেন।
বিএনপি নেতা অভিযোগ করেন, আচরণবিধি লঙ্ঘনের কারণে আগে দলের চেয়ারম্যান তারেক রহমানের একটি সফর স্থগিত করা হয়েছিল। কিন্তু বর্তমানে বিভিন্ন দলের নেতাদের কর্মকাণ্ডে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকলেও ইসির নীরবতা লক্ষ্য করা গেছে।
পোস্টাল ব্যালট ব্যবস্থার প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, প্রতিটি নির্বাচনী এলাকায় সাধারণ ব্যালটের মতোই পোস্টাল ব্যালট ব্যবহার করা উচিত, যাতে জটিলতা কমে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া এবং বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।