বিশেষ প্রতিনিধি, nipon।।
বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ, রাষ্ট্রীয় সংস্কার, মুক্ত সাংবাদিকতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে অতীতে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকার এখনো কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা তাদের ব্যর্থতার পরিচয়। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়নি। তবে বিএনপি আশাবাদী, খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে।
ক্রিকেট ইস্যুতে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও দেশের সম্মান জড়িত। দেশের একজন ক্রিকেটারকে অপমান করা মানে পুরো দেশকে অপমান করা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তকে সাধুবাদ জানান তিনি। তবে ছোটখাটো বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেন।
দেশের রাজনীতি ও রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনে বিএনপির অবদান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, অতীতে বিএনপিই গণতন্ত্র প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কারে নেতৃত্ব দিয়েছে।
নদীর পানিবণ্টন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে তিস্তা, পদ্মাসহ অন্যান্য অভিন্ন নদীর পানিবণ্টন ইস্যু ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই ন্যায্য পানির হিস্যা আদায় করা হবে বলে জানান তিনি।
বিদেশে অবস্থানরত রাজনৈতিক সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, যারা বাইরে থেকে বড় বড় কথা বলেন, তাদের কাছে ফ্যাসিজম একটি ফ্যাক্টর হতে পারে; কিন্তু বিএনপির কাছে নয়। বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতেও জানে এবং সেই লড়াইয়ে ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত।
এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমানের স্থগিত হওয়া উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, উত্তরবঙ্গ তার পিতৃভূমি। পরবর্তীতে অবশ্যই তিনি সেখানে সফর করবেন।