বিশেষ প্রতিনিধি, nipon।।
পথকুকুরদের ভবিষ্যৎ ও কল্যাণ নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলাকে ঘিরে ভারত জুড়ে তীব্র বিতর্কিত পরিস্থিতিতে পথকুকুরদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় গায়ক মিকা সিং। তিনি অনুরোধ করে জানিয়েছেন পথকুকুরদের কল্যাণের কথা মাথায় রেখে যেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এবং তিনি এই অবলা প্রাণীদের জন্য বিশেষ পদক্ষেপে ব্যক্তিগত উদ্যোগ নেয়ার কথাও জানিয়েছেন।
নিজের ১০ একর জমি পথকুকুরদের থাকার জন্য একটি পূর্ণাঙ্গ আশ্রয়কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনায় দান করার প্রস্তাব দিয়েছেন মিকা সিং। প্রতিষ্ঠানটিতে অভিজ্ঞ ও দায়িত্বশীল কর্মীদের নিয়োগ দিয়ে অবোলা প্রাণীদের নিয়মিত দেখভালের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তিনি।
সুপ্রিম কোর্টে জমা দেওয়া আবেদনে মিকা তাঁর কাছে প্রয়োজনীয় জমি রয়েছে এবং সেই জমিতেই পথকুকুরদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে চান বলে উল্লেখ করেছেন। তার এই দানের প্রস্তাবে পশু কল্যাণের প্রশ্নে এই উদ্যোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
গত ৭ নভেম্বর সুপ্রিম কোর্ট স্কুল, রেলস্টেশন, হাসপাতালসহ জনসাধারণের ব্যবহৃত বিভিন্ন এলাকা থেকে পথকুকুর সরানোর নির্দেশ দিয়ে তিন বিচারপতির বেঞ্চ জানায়, নির্বীজকরণের জন্য যে সব এলাকা থেকে পথকুকুর তুলে নেওয়া হয়েছে, সেখানে আর তাদের ফেরানো যাবে না।নির্বীজকরণের পর পথকুকুরদের থাকতে হবে সরকারি আশ্রয়কেন্দ্রে।
আদালতের এই নির্দেশের পর থেকেই পশুপ্রেমীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হলে গত বুধবার ফের এই মামলার শুনানিতে শীর্ষ আদালত আগের অবস্থানই বহাল থাকলে পশুপ্রেমীদের অসন্তোষ বাড়ে। এরই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের কাছে বিশেষ আবেদন জানিয়ে পথকুকুরদের জন্য ১০ একর জমি দানের প্রস্তাব দিলেন মিকা সিং।