বিশেষ প্রতিনিধি, nipon।।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর আদালতে আজ রোববার জুনাইদ আহমেদ পলকের ইন্টারনেট সংক্রান্ত বক্তব্য পড়া হয়। পলক গণমাধ্যমকে আগে বলেছিলেন, ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। যা ট্রাইব্যুনালের বিচারককে প্রসিকিউশনের পক্ষ থেকে পড়ে শোনানো হয়। একই সঙ্গে পলক ও সালমান এফ রহমানের মধ্যে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ সংক্রান্ত কথোপকথনও আদালতে উপস্থাপন করা হয়।
চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, সাবমেরিন ক্যাবল কাটা পড়া বা বিটিসিএল ভবনে আগুন লেগে ইন্টারনেট বন্ধ হওয়ার প্রচার করে সেই দায় ছাত্র-জনতার ওপর চাপানোর চেষ্টা করা হয়েছে, তবে প্রকৃতপক্ষে তা তৎকালীন সরকারের নির্দেশেই ঘটেছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, সজীব ও পলক এসব ঘটনার নীলনকশা করেছেন।
মামলার অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন হয়েছে এবং আগামী ১৫ জানুয়ারি আসামিপক্ষের শুনানির দিন ধার্য করা হয়েছে।
এর আগে, গত বুধবার শুনানি হওয়ার কথা থাকলেও পলাতক আসামি সজিব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ সংক্রান্ত চিঠি ইস্যু না হওয়ায় তা পিছিয়ে যায়। পরে তার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে আইনজীবী নিয়োগ করা হয়।
মামলার আনুষ্ঠানিক অভিযোগ ৪ ডিসেম্বর দাখিল করা হলে তা ট্রাইব্যুনাল গ্রহণ করেন এবং সেদিনই সজিব ও পলকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
প্রসিকিউটর আরও জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়ানোর আবেদন শিগগিরই চেম্বার আদালতে শুনানির জন্য নেয়া হবে।