বিশেষ প্রতিনিধি, nipon।।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীরা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই রাস্তায় নেমেছে। তিনি বিক্ষোভকারীদের ‘গোলমালকারী’ ও ‘ধ্বংসাত্মক উপাদান’ হিসেবে আখ্যা দেন।
ইরানে টানা ১৩ দিন ধরে চলমান বিক্ষোভের পেছনে রয়েছে তীব্র অর্থনৈতিক সংকট। মুদ্রাস্ফীতি বৃদ্ধি, জাতীয় মুদ্রার মান কমে যাওয়া এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ জনগণ দেশজুড়ে বিক্ষোভে অংশ নিচ্ছে। অনেক বিক্ষোভকারী সরকার ও মোল্লাতন্ত্রের পতনের দাবি জানাচ্ছেন, আবার কেউ কেউ রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথাও বলছেন।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, এসব বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ থেকে ৫১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। গ্রেফতার হয়েছেন দুই হাজারের বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট জারি রেখেছে।
এক বক্তব্যে আয়াতুল্লাহ খামেনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র কোনো ধরনের চাপের কাছে মাথা নত করবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার ‘ধ্বংসাত্মক কার্যকলাপ’ কঠোরভাবে দমন করবে। একইসঙ্গে নিরাপত্তা বাহিনী ও বিপ্লবী গার্ড বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান বর্তমানে বড় বিপদের মধ্যে রয়েছে। তিনি সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের ক্ষতি করা হলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে, যদিও সরাসরি সামরিক হস্তক্ষেপের কথা উল্লেখ করেননি।
এই পরিস্থিতিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি বিক্ষোভে প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছে। জাতিসংঘও উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে।
তথ্যসূত্র: বিবিসি