বিশেষ প্রতিনিধি, nipon।।
তৌহিদুল করিম মুজাহিদ:
ইনকিলাব মঞ্চ ইউকের উদ্যোগে যুক্তরাজ্যব্যাপী জাতীয় ক্যাম্পেইন “মার্চ ফর ইনসাফ” সফলভাবে সম্পন্ন হয়েছে। শহীদ ওসমান হাদির বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া, তার নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের গ্রেফতারের দাবিতে সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
ক্যাম্পেইনটি ইংল্যান্ডের সর্বদক্ষিণের শহর পোর্টসমাউথ থেকে শুরু হয়ে ওয়েলস, মিডল্যান্ডস, নর্থ ওয়েস্ট, ইয়র্কশায়ার ও নর্থ ইস্ট অতিক্রম করে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় গিয়ে শেষ হয়। সফরকালে যুক্তরাজ্যের প্রায় ১৭টি শহরে দোয়া মাহফিল, জনসভা, পথযাত্রা এবং স্থানীয় প্রবাসী কমিউনিটি ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করা হয়।
মঙ্গলবার লন্ডন থেকে যাত্রা শুরু করে প্রথম দিনে পোর্টসমাউথে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরবর্তীতে ব্রিস্টল ও কার্ডিফে সভা অনুষ্ঠিত হয়। এরপর ধারাবাহিকভাবে বার্মিংহাম, লেস্টার, নটিংহাম, ম্যানচেস্টার, ওল্ডহাম, ব্ল্যাকবার্ন, ব্রাডফোর্ড, নিউক্যাসল, সান্ডারল্যান্ডসহ বিভিন্ন শহরে সমাবেশ শেষে এডিনবরায় চূড়ান্ত কর্মসূচির মাধ্যমে রোডমার্চ শেষ হয়।
প্রতিটি সমাবেশে ন্যায়বিচার, মানবাধিকার, জবাবদিহিতা ও নৈতিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি পুনর্ব্যক্ত করেন বক্তারা।
মার্চ চলাকালীন সময়ে ভারতীয় আধিপত্যবাদবিরোধী আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। তার স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং বক্তারা তার ওপর ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ও দেশের জন্য তার ত্যাগের কথা তুলে ধরেন।
শনিবার এডিনবরায় কর্মসূচি শেষ হওয়ার পর প্রতিনিধিদল লন্ডনে ফিরে এসে সোমবার সন্ধ্যায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে। লন্ডনের ওসমান স্ট্রিটের সুইট হার্টে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ক্যাম্পেইনের সারসংক্ষেপ, বিভিন্ন শহরের জনসম্পৃক্ততা এবং প্রবাসী কমিউনিটির প্রতিক্রিয়া তুলে ধরা হয়। এ সময় প্রিন্ট, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আয়োজকেরা।
প্রেস কনফারেন্সে ইনকিলাব মঞ্চ ইউকের আহ্বায়ক মুজাহিদ রিয়াজ বলেন, ইনকিলাব মঞ্চ ইউকে সূচনা লগ্ন থেকেই মূলধারার সঙ্গে সমন্বয় করে কাজ করে আসছে। সাংস্কৃতিক অগ্রাসনের বিরুদ্ধে শহীদ ওসমান হাদির শুরু করে যাওয়া আন্দোলন বিশ্বব্যাপী অব্যাহত থাকবে।
সংগঠনের সদস্য সচিব বেলাল হোসেন বলেন, “এই যাত্রা এখানেই শেষ নয়, এটি কেবল সূচনা। সামনে আরও বড় কর্মসূচির মাধ্যমে ওসমান হাদির সংগ্রামকে এগিয়ে নেওয়া হবে।”
রোডমার্চ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ইনকিলাব মঞ্চ ইউকের সদস্য ও আইটি বিশেষজ্ঞ আব্দুল বাসিতের অবদানের কথাও স্মরণ করেন নেতৃবৃন্দ। তারা বলেন, পুরো সফরজুড়ে তার সময়, অর্থ ও শ্রম এই কর্মসূচিকে সফল করতে বড় সহায়ক ভূমিকা রেখেছে।
মিডিয়া ও কমিউনিকেশনস টিমের সদস্য তৌহিদুল করিম মুজাহিদ বলেন,“মার্চ ফর ইনসাফ কেবল একটি সফর নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি চলমান আন্দোলন। শহীদ ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জানুয়ারি মাস থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ধারাবাহিক কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। পাশাপাশি ঘোষিত ৩০ দিনের আল্টিমেটাম শেষে কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে রেমিট্যান্স শাটডাউনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ইনকিলাব মঞ্চ ইউকের মতে, এই রোডমার্চ প্রবাসী কমিউনিটির মধ্যে ন্যায়বিচার, ইনসাফ ও মানবিক দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করেছে। কর্মসূচি সাময়িকভাবে শেষ হলেও সামনে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসবে বলে জানান আয়োজকেরা।