বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর লালবাগ এলাকায় ইডেন মহিলা কলেজের সামনে চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের চার ছাত্রকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় কলেজের ১ নম্বর গেটের সামনে এই চারজনকে আটক করা হয়। সেনাবাহিনীর একটি টহল দল রাত ৭টা ৫০ মিনিটে তাদের চাঁদা আদায় করতে দেখেন। এ সময় বাপ্পি নামের এক ব্যক্তি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই ছাত্ররা তাকে মারধর করে আহত করে। পরে চারজনকেই আটক করে ক্যাম্পে নেওয়া হয়।
আটকরা নিজেদের ঢাকা কলেজের ছাত্র বলে পরিচয় দেন। তাদের নাম মো. বাইজিদ, মাসুদ রানা, আবির হোসেন ও মো. আমজাদ। রাত ৯টা ১০ মিনিটে তাদের লালবাগ থানার একজন উপপরিদর্শকের কাছে হস্তান্তর করা হয়।
সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি একই অভিযোগে চারজনকে আটক করা হয়েছিল। সে সময় ক্যাম্প কমান্ডার তাদের শিক্ষার্থী বিবেচনা করে মৌখিক সতর্কতার মাধ্যমে ছেড়ে দেন। তবে এক দিন পরই তারা পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েন।
লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন আলী জানিয়েছেন, চাঁদাবাজি ও মারধরের ঘটনায় চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।