বিশেষ প্রতিনিধি, nipon।।
ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেছেন। নির্বাচন কমিশনে ২৮ ডিসেম্বর জমা দেওয়া হলফনামা অনুযায়ী, শামা ওবায়েদ গত বছরের ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থেকে পদত্যাগ করেছেন।
হলফনামায় তার বয়স দেখানো হয়েছে ৫২ বছর ৭ মাস ১৫ দিন। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞানে স্নাতক (কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং)। তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন এবং অ্যালিউর বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, অ্যাভোসিল্ক সলিউশনের চেয়ারম্যান ও ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের (আইজিসিএফ) জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
হলফনামা অনুযায়ী, শামা ওবায়েদের নামে মোট ১৮টি মামলা ছিল। এর মধ্যে একটি খালাস পাওয়া গেছে, ৮টি মামলা ২০২৫ সালে প্রত্যাহার করা হয়েছে এবং আরও ৮টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। তবে একটি হত্যা মামলা এখনও তদন্তাধীন।
শামা ওবায়েদের বার্ষিক আয় ২১ লাখ ৮৯ হাজার ৭১ টাকা, যা ২০১৮ সালের ৩০ লাখ ৬ হাজার ৮২৫ টাকার তুলনায় কম। তবে অস্থাবর সম্পদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৮ সালে তার অস্থাবর সম্পদ ছিল ১ কোটি ৫৩ লাখ ৮২ হাজার ২৮৭ টাকা, যা ২০২৫ সালে অর্জনকালীন মূল্য হিসেবে ৩ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৮০৬ টাকা এবং বর্তমান আনুমানিক মূল্য ৪ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ৮০৬ টাকা।
স্থাবর সম্পদে মোট মূল্য ৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার থেকে ৯ কোটি টাকায় পৌঁছেছে। ২০১৮ সালে ৩ কোটি ৫ লাখ টাকার ঋণ থাকলেও ২০২৫ সালের হলফনামায় কোনো ঋণ দেখানো হয়নি।
শামা ওবায়েদ নির্ভরশীল হিসেবেও স্বামী ও ছেলেকে উল্লেখ করেছেন। স্বামীর বার্ষিক আয় ৮৮ লাখ ৮৬ হাজার ৪১৮ টাকা, অস্থাবর সম্পদ ১৭ কোটি ২০ লাখ ৭৬ হাজার ৮০ থেকে বর্তমান আনুমানিক ১৭ কোটি ৯৫ লাখ ৭৬ হাজার ৮০ টাকা। ছেলের বার্ষিক আয় ১৮ লাখ ১ হাজার ৯৬২ টাকা।
সবমিলিয়ে সাত বছরে শামা ওবায়েদের আয় কমলেও অস্থাবর সম্পদ বৃদ্ধি পেয়েছে, ব্যাংক ঋণ পরিশোধ হয়েছে এবং নাগরিকত্বের অবস্থান পরিবর্তিত হয়েছে।